কানে হেডফোন ফেটে যুবকের মৃত্যু
চার্জে লাগানো অবস্থায় কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে পড়তে গিয়ে বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) ভারতের রাজস্থানের জয়পুরের উদাইপুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

শনিবার (৭ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ারর খবরে বলা হয়েছে, পড়াশোনা করার জন্য কানে ব্লুটুথ হেডফোন লাগানো ছিল ২৮ বছর বয়সী রাকেশ কুমার নগরের। আচমকাই তা ফেটে যায়।
খবরে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রাকেশ। কানে ব্লুটুথ হেডফোন লাগিয়েই পড়াশোনা করছিলেন তিনি। সেই সময় ব্লুটুথ হেডফোনটি একই সঙ্গে চার্জেও লাগানো ছিল বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে পুলিশ। তখন প্রকট শব্দ করে ফেটে যায় সেটি।
হেডফোনটি ফেটে যাওয়ার পরই জ্ঞান হারান রাকেশ। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তার।
চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে ওই যুবকের দুই কানেই গুরুতর আঘাত লেগেছিল। চিকিৎসকরা প্রাথমিকভাবে অনুমান করছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় রাকেশের।
সিদ্ধিবিনায়ক হাসপাতালের চিকিৎসক ডা. এলএন রুন্দলা বলেন, 'অচেতন অবস্থায় রাকেশকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা শুরু করার পরই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই সম্ভবত তার মৃত্যু হয়েছে।'
পুলিশ জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন রাকেশ। ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
ইলেক্ট্রনিক ডিভাইস ফেটে মৃত্যু এবারই প্রথম নয়। এর আগেও বহু মানুষ এমন দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। এমন ডিভাইস চার্জে দেওয়া অবস্থায় ব্যবহার করতে বারণ করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ ফোন বা হেডফোন চার্জে দেওয়া থাকলে তার মধ্যে বিদ্যুৎ যায়। ওই অবস্থায় দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ডিভাইসটি গরম হয়ে যায়। মোবাইল ফোনের ক্ষেত্রে প্রসেসরের উপর অতিরিক্ত চাপ পড়ে। এইভাবে গরম হয়ে ব্যাটারি ফেটে যেতে পারে।
তবে শুধু ফোন করাই নয় চার্জে দেওয়া অবস্থায় ইলেক্ট্রনিক ডিভাইসে হাত না দেওয়াই ভালো। কোনো প্রয়োজন হলে চার্জ বন্ধ করে তারপর হাত দিন। এতে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম থাকে।
0 Comments