প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমেই অজিদের হারের স্বাদ দিয়েছে টাইগাররা। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। এই জয়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করছেন বাংলাদেশ দল নিয়ে। তার দৃষ্টিতে টাইগাররা ভালো দল। যে কোনো দলকে বাংলাদেশ এখন চ্যালেঞ্জও ছুড়ে দিতে সক্ষম। মিরপুরে সোমবার (৯ আগস্ট) সিরিজের পঞ্চম ম্যাচ শেষে এই কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

শেষ ম্যাচে অজিদের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে ৬০ রানে। ১২৩ রানের টার্গেট দিয়ে সফরকারী দলকে মাত্র ৬২ রানেই বেধে ফেলেছে সাকিব আল হাসানরা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের এই গর্বের জয় এল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে।
সিরিজ শেষে টাইগার অধিনায়ক বলেন, 'সিরিজ শুরুর আগে আমি দলের বোলারদের বলেছিলাম যে, এই সিরিজে ভালো করার প্রধান দায়িত্ব বোলারদের। বোলাররাই ম্যাচ জেতাতে পারে এখানে। তারা তাদের দায়িত্ব চমৎকারভাবে পালন করেছে। ছেলেরা যেভাবে লড়াই করেছে তা সত্যি অসাধারণ ও উপভোগ্য। আমরা সবসময়ই অনুভব করে আসছি যে, আমরা খুব ভালো দল। বাংলাদেশে আসা বিশ্বের যে কোনো দলকে আমরা চ্যালেঞ্জ ছুড়তে পারি। সিরিজ জিততে পারি। যদিও র্যাংকিং সে কথা বলছিল না। হৃদয়ের ভেতর থেকেই আমি সবসময় অনুভব করি যে, টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা দুর্দান্ত দল হতে পারি।'
রিয়াদ বলেন, 'অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের জন্য ছেলেরা ক্ষুধার্থ ছিল। তারা তাদের সেরাটা দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনায় দুর্দান্তভাবে সফল হয়েছি। অবশ্যই এই উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন। তবে স্কোর ১২০-১৩০ এ নিয়ে যেতে আমরা সফল হয়েছি। দলের সব বোলার ভালো বল করেছে। ছেলেদের পারফরম্যান্সের এই উন্নতিটা দারুণ হয়েছে।'
চাপ সামলানোর কথাও সামনে এনেছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, 'জিম্বাবুয়ের পর ঘরের মাঠের এই সিরিজেও আমাদের ফাস্ট বোলার ও স্পিনাররা কঠোর শ্রম দিয়েছে। সংকটের সময়েও তারা তাদের মেজাজ ঠিক রেখেছে, এবং এটাই টি-টোয়েন্টির বড় বিষয়। এখানে সব সময় চাপে থাকতে হয়। গোটা দলের সবাই সেরাটা ঢেলে দিয়েছে।'
মাহমুদউল্লাহ রিয়াদ পরিশেষে অজিদের বিপক্ষে এই জয় উৎসর্গ করেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি। তিনি বলেন, 'আমরা এই সিরিজ জয়টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে উৎসর্গ করতে চাই।'
0 Comments