বৃষ্টিতে ভেসে গেল ভারতের জয়ের স্বপ্ন

ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্ট জয়ের খুব কাছে ছিল ভারত। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে ভারতের জয়ের স্বপ্ন।

বৃষ্টিতে ভেসে গেল ভারতের জয়ের স্বপ্ন

জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৫৭ রান। হাতে ছিল ৯টা উইকেট। ব্যাট হাতে ক্রিজে জাঁকিয়ে বসতে পারলে প্রথম টেস্টে জয়ের মুখ দেখার সুযোগ পেতেন বিরাট কোহলিরা। কিন্তু কোথায় কী! বৃষ্টির পেটে পঞ্চম দিনের খেলা। লাগাতার বর্ষণে বলই গড়াল না ট্রেন্ট ব্রিজে। আর তাই অমীমাংসিতভাবেই ড্রতে শেষ ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।

এই ইংল্যান্ডের মাটিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে বার বার বৃষ্টির কাছে মাথা নত করতে হয়েছিল ভারত ও নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও সেই একই ছবি ফিরে এল। মাঠ ভিজে যাওয়ায় একাধিকবার খেলার তাল কাটল। আর শেষ দিন তো মাঠেই নামতে পারলেন না ক্রিকেটাররা।
বৃষ্টিবিঘ্নিত টেস্টের দিকে ফিরে তাকালে দেখা যাবে, ব্যাটসম্যানদের নজরকাড়া পারফরম্যান্স শুধু ভারতের কেএল রাহুলের। প্রথম ইনিংসে যিনি ৮৪ রান করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন। 
আর অলরাউন্ডার হিসেবে নটিংহ্যাম দাপালেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৫৬ রানের ভরসাযোগ্য ইনিংস খেলেন তিনি। বোলিংয়ে দুর্দান্ত নজর কাড়েন জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজরা। ম্যাচ শেষে ক্যাপ্টেন কোহলির প্রশংসাও কুড়োলেন তারা।
বিরাট কোহলি বলেন, ‘কঠোর পরিশ্রম, ভাল নেট প্র্যাকটিসের সুফল মিলেছে। ইংল্যান্ডের মাটিতে ওরা দারুণ খেলেছে। ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে ক্রিকেটাররা ভালই মানিয়ে নিয়েছে। আশা করি, পরবর্তী টেস্টগুলোতেই পারফরম্যান্স ধরে রাখতে পারবে ওরা। কিন্তু আকাশের অবস্থা কেমন থাকে, সেটাই বড় প্রশ্ন।’

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৩/১০ (জো রুট ৬৪, বেয়ারস্টো ২৯; বুমরাহ ৪/৪৬, সামি ৩/২৮)।  ২য় ইনিংস: ৩০৩/১০ (জো রুট ১০৯, স্যাম কুরান ৩২; বুমরাহ ৫/৬৪)।
ভারত ১ম ইনিংস: ২৭৮/১০ (লোকেশ রাহুল ৮৪, জাদেজা ৫৬, রোহিত শর্মা ৩৬; ওলি রবসন ৫/৮৬, অ্যান্ডারসন ৪/৫৪)। ২য় ইনিংস: ৫২/১ (রাহুল ২৬, রোহিত ১২*, পুজারা ১২*)।