প্রথম জয়ের পর যা বললেন অজি অধিনায়ক

টানা তিন ম্যাচ হারের পর শনিবার (৭ আগস্ট) অবশেষে আরাধ্য জয়ের দেখা পেয়েছে টিম অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইও এড়াতে পেরেছে তারা। বহুল প্রতীক্ষিত এই জয়ের পর চওড়া হাসি দেখা গেছে অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের চোখেমুখেও।

প্রথম জয়ের পর যা বললেন অজি অধিনায়ক

ম্যাচ শেষে দেখা মিলল তাই অন্য এক ম্যাথু ওয়েডকেই। তিনি বলেন, 'গত তিন ম্যাচে আমরা ঘাম ঝরা শ্রম দিয়েছি। কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে আজকের পরিশ্রম কাজে দিয়েছে। ড্যান ক্রিশ্চিয়ান যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতেই জয়-পরাজয়ের পার্থক্যটা গড়েছে। জয়ে ফিরতে আমাদের টপঅর্ডারের ব্যাটসম্যানদের রান করা দরকার ছিল, যা ম্যাচভাগ্য বদলাতে পারে। আগের তিন ম্যাচ পরাজয়ের পর ম্যানেজমেন্ট আর র্স্টাফরা মিলে আলোচনা করেছি। এর থেকে উত্তোরণের উপায় খুঁজেছি। আমরা পিচ থেকে রান খুঁজছিলাম।'

সতীর্থদের প্রশংসার পাশাপাশি ৫ম তথা শেষ ম্যাচের পরিকল্পনাও এদিন জানিয়ে রাখলেন ম্যাথু ওয়েড। তিনি বলেন, ‘পুরো সিরিজেই বোলাররা দুর্দান্ত ছিল। ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছে তারা। আর তাই আগামী ম্যাচে (৯ আগস্ট) তিন স্পিনারকে দিয়ে খেলাতে চাই।’

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টানা তিন ম্যাচ জয়ের পর বাকি দুই ম্যাচ কার্যত রূপ নেয় অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে। কিন্তু চতুর্থ ম্যাচে এসে খেই হারিয়ে ফেলে টিম টাইগার্স। মাঝে কয়েকবার আশা জাগালেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি সাকিব-মাহমুদউল্লাহরা। আর এর মধ্য দিয়ে তিন ম্যাচ পর প্রথম জয়ের দেখা পায় ক্যাঙ্গারুবাহিনী।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং দুর্গ। শুরুতে জশ হ্যাজলউড, মাঝে মিচেল সোয়েপসনের পর শেষদিক অ্যাশটন অ্যাগার, অ্যান্ড্রু টাইয়ের তোপে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। তবে স্বল্প পুঁজি নিয়েও বল হাতে এদিনও আশা দেখান মেহেদী হাসান। প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েডকে ফেরান এই তরুণ তুর্কি। চার ম্যাচে এ নিয়ে তিনবারই বাংলাদেশকে প্রথম ‘ব্রেক থ্রু’ এনে দেন মেহেদী।

এরপরই সাকিবের বলে মিরপুরে ঝড় তুলেন ড্যান ক্রিস্টিয়ান। এক ওভারে ৫ ছক্কায় সাকিবের ওভারে ক্রিস্টিয়ান তুলেছেন ৩০ রান। এই খরুচে ওভার দিয়ে সাকিব ছুঁলেন নিজের রেকর্ডই। এর আগে ২০১৯ সালে রায়ান বার্ল এ মাঠেই সাকিবের এক ওভারে তুলেছিলেন ৩০ রান। তবে সেবার অবশ্য তিন ছক্কার সঙ্গে হয়েছিল তিনটি চার। ফলে ক্যারিয়ারে এক ওভারে পাঁচটি ছয় সাকিবের ওভারে এল এই প্রথমবার।