মাহমুদউল্লাহর কাঠগড়ায় মিরপুরের উইকেট
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জেতার পর এবার মুদ্রার ‘উল্টো পিঠ’ দেখলেন সাকিব-মাহমুদউল্লাহরা। শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচে এক ওভার হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় ক্যাঙ্গারুবাহিনী। এদিকে, প্রথম হারের পর টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ দুষছেন মিরপুরের উইকেটকে।

প্রথম তিন ম্যাচের দুটিতেই আগে ব্যাট করে জয় পায় টাইগাররা। এজন্য শনিবার (৭ আগস্ট) সিরিজের চতুর্থ ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ জমা করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ হেরে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘উইকেটের চরিত্র বুঝতে পারেননি তারা। ১০৪ রানের জায়গায় অন্তত ১২০ পার করতে পারলে এই ম্যাচেও জেতা সম্ভব ছিল।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘এই মাঠে রান তাড়া করা সবসময়ই কঠিন। তাই আমরা আগে ব্যাট করেছি। আমরা মনে হয় উইকেট ভালো মতো বুঝতে পারিনি। এই উইকেটে ১২০ রান হলে ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছি। এর মধ্যেও বোলাররা ভালো করেছে। এই রান নিয়েও খেলাটা আমরা ১৯তম ওভারে এনেছি। তবে ব্যাটসম্যানদের আরও সতর্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে হবে।’
সঙ্গে আরও যোগ করেন, ‘আজকের উইকেট এই সিরিজের সবচেয়ে কঠিন উইকেট ছিল। আমরা এখান থেকে তেমন কিছু নিতে পারিনি। ব্যাটিংয়ের সময় যে সুযোগ পেয়েছি, সেটার সুবিধা নিতে পারিনি।’
বাংলাদেশ দল স্কোরবোর্ডে ১০৪ রানের পুঁজি পেলেও ম্যাচে ছিল বেশ ভালোভাবেই। যদিও এক ওভারে ৫ ছক্কা খেয়ে ৩০ রান দেন সাকিব। মূলত ওই ওভারেই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেন ক্রিশ্চিয়ান।
ওই প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিবের ওভারটা গুরুত্বপূর্ণ ছিল। ওই ওভারে উইকেট পেলে পরিস্থিতি পাল্টে যেত। ক্রিশ্চিয়ান ক্রিজে এসেই দ্রুত রান করেছে, টানা ৫ ছক্কা মেরেছে। টি-টোয়েন্টি ম্যাচে এমন হতে পারে। আমরা জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার। সে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে।’
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নিলেও বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছে না। বিশেষ করে ওপেনিং জুটিতে কোনোভাবেই সফলতা আসছে স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুর তিন ম্যাচে টাইগারদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ১৫ রানের। সৌম্য সরকার আর নাঈম শেখ আস্থার প্রতিদান রাখতে পারছেন না।
0 Comments